প্রিন্ট এর তারিখঃ Jun 29, 2026 ইং || প্রকাশের তারিখঃ Mar 4, 2026 ইং
মাদকের অপব্যবহার রোধে করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত, প্রধান অতিথি বিভাগীয় কমিশনার

সোহেল রানা,স্টাফ রিপোর্টার :
রাজশাহীতে “মাদকের অপব্যবহার রোধে করণীয়” শীর্ষক এক গুরুত্বপূর্ণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধি ও কার্যকর পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে আয়োজিত এ কর্মশালায় বিভিন্ন পর্যায়ের প্রশাসনিক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. আ. ন. ম. বজলুর রশীদ, অতিরিক্ত সচিব ও বিভাগীয় কমিশনার, রাজশাহী বিভাগ। তিনি তার বক্তব্যে মাদকের অপব্যবহার রোধে সমন্বিত উদ্যোগ, সামাজিক সচেতনতা এবং কঠোর নজরদারির ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও সাধারণ জনগণের সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ শাহজাহান পিপিএম (বার), পিএইচডি, ডিআইজি, রাজশাহী রেঞ্জ। তিনি বলেন, মাদকের বিস্তার রোধে আইন প্রয়োগের পাশাপাশি সচেতনতা কার্যক্রম আরও জোরদার করতে হবে। তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা সম্পর্কে অবহিত করতে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক কার্যক্রম পরিচালনার ওপরও তিনি গুরুত্ব দেন।
কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন জনাব মোঃ আলী আসলাম হোসেন, অতিরিক্ত পরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় কার্যালয়, রাজশাহী। তিনি তার প্রবন্ধে মাদকের বর্তমান পরিস্থিতি, চ্যালেঞ্জ এবং তা মোকাবিলায় করণীয় বিষয়ে বিস্তারিত তুলে ধরেন।
এছাড়াও রাজশাহী বিভাগের ডিএনসি’র অফিস প্রধানগণ এবং ডিএনসি’র আওতাধীন লাইসেন্সপ্রাপ্ত সকল বেসরকারি মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের প্রতিনিধিরা কর্মশালায় উপস্থিত ছিলেন।
কর্মশালায় মাদকবিরোধী কার্যক্রম আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করা হয়। বক্তারা বলেন, “মাদকাসক্তি-মুক্ত বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য।”
© দৈনিক চেতনার কন্ঠ